মশলাদার মটরশুঁটি, পেঁয়াজ ও ধনেপাতার স্বাদে ভরপুর এক জনপ্রিয় বাঙালি স্ট্রিট ফুড।

উপকরণ:

মটরশুঁটি (খোসা ছাড়ানো) – ৫০০ গ্রাম, পেঁয়াজ (মোটা করে কুচি করা) – ৪টি, টমেটো (বড়) –, ৩টি, কুচি করা, কাঁচালঙ্কা – ৩টি, কুচি করা, ধনেপাতা কুচি – ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়ো – ১/২ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো – ১/২ চা-চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো – ১/২ চা-চামচ, চিনি – ১ চা-চামচ, লেবুর রস – ২ টেবিল চামচ, বেসনের বুড়ি (ভেজে ভাঙা) – ১/২ কাপ, পেঁয়াজ বেরেস্তা – ৪ টেবিল চামচ, তেল – ২ টেবিল চামচ, লবণ – স্বাদমতো

প্রস্তুত প্রণালী:

প্রথমে মটরশুঁটি ভালো করে ধুয়ে ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন এবং জল ঝরিয়ে রাখুন।

একটি কড়াইয়ে তেল গরম করে মোটা করে কাটা পেঁয়াজ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

এরপর সেদ্ধ মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে ৮–১০ মিনিট ফুটতে দিন, যাতে সব মশলা মটরের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

ঘুগনি একটু ঘন হয়ে এলে টমেটো কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি ও চিনি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। শেষে লেবুর রস ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

পরিবেশনের আগে উপর থেকে বেসনের বুড়ি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন।

গরম গরম মটর ঘুগনি পরিবেশন করুন। চাইলে সঙ্গে সামান্য কুচোনো পেঁয়াজ, ধনেপাতা ও লেবুর টুকরোও দিতে পারেন।