কড়াইশুঁটির সুগন্ধি পুরে ভরা মুচমুচে কচুরি, যা শীতের সকালের নাশতায় এনে দেয় অতুলনীয় স্বাদ।


উপকরণ:
ময়দা – ২ কাপ, সাদা তেল বা ঘি – ২ টেবিল চামচ, নুন – ১/২ চা-চামচ, চিনি – ১/২ চা-চামচ, গরম জল – পরিমাণমতো, ভাজার জন্য সাদা তেল


পুরের জন্য:
কড়াইশুঁটি – ১ কাপ, আদা কুচি – ১ চা-চামচ, কাঁচালঙ্কা – ২টি, ভাজা জিরা গুঁড়ো – ১/২ চা-চামচ, ভাজা মৌরি গুঁড়ো – ১/২ চা-চামচ, হিং – এক চিমটি, গরম মশলা গুঁড়ো – ১/২ চা-চামচ, চিনি – ১ চা-চামচ, নুন – স্বাদমতো, সাদা তেল – ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে ময়দা, নুন, চিনি এবং তেল বা ঘি ভালো করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প গরম জল দিয়ে নরম মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে অন্তত ২০ মিনিট বিশ্রামে রাখুন।
এদিকে কড়াইশুঁটি, আদা ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন।
কড়াইতে তেল গরম করে এক চিমটি হিং ফোড়ন দিন। তারপর বাটা কড়াইশুঁটি দিয়ে মাঝারি আঁচে নেড়ে ভাজতে থাকুন। নুন, চিনি, ভাজা জিরা গুঁড়ো, ভাজা মৌরি গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। পুরটি শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন।
ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি সামান্য বেলে তার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে মুখ ভালো করে বন্ধ করুন। তারপর আলতো হাতে গোল করে বেলে কচুরির আকার দিন।
কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে কচুরিগুলো মাঝারি আঁচে ভাজুন। ফুলে উঠে সোনালি রং ধরলে তুলে নিন।
গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম, ছোলার ডাল বা টক-মিষ্টি আলুর তরকারির সঙ্গে পরিবেশন করুন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।