মশলাদার মুরগির কিমা দিয়ে তৈরি বাইরে মুচমুচে ও ভেতরে নরম এক জনপ্রিয় সুস্বাদু স্ন্যাকস।

উপকরণ:

মুরগির কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ১ চা চামচ, সর্ষের তেল ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ডিম (ফেটানো) ২টি, ব্রেডক্রাম্ব ২ কাপ এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রস্তুত প্রণালী:

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে কিমা করে নিন।

একটি বড় পাত্রে কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।

মিশ্রণটি ১৫–২০ মিনিট ঢেকে রেখে দিন যাতে মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়।

এরপর কিমার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দমতো কাটলেটের আকারে গড়ে নিন।

প্রতিটি কাটলেট প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে ভালো করে মুড়ে নিন।

কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলুন।

অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো সস, কাসুন্দি বা পছন্দের চাটনির সঙ্গে।