কাঁচা আমের ঝুরি, সরষের তেল ও সুগন্ধি মশলার মেলবন্ধনে তৈরি টক-ঝাল-মশলাদার এক লোভনীয় আচার।

উপকরণ:

কাঁচা আম – ১২টি, লবণ – ১/২ চা-চামচ চিনি – ১ চা-চামচ, আদা কুচি – ১ চা-চামচ, শুকনো লঙ্কা কুচি – ২ চা-চামচ, সিরকা – ১ টেবিল-চামচ, সর্ষের তেল – ২ টেবিল-চামচ, চুন গোলা জল – পরিমাণমতো (আম ভিজিয়ে রাখার জন্য)

প্রস্তুত প্রণালী:

প্রথমে কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে সবজি কুরুনি দিয়ে ঝুরি করে কুরিয়ে নিন। এরপর চুন গোলা জলে ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চাইলে সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারেন।

তারপর আমগুলো চুনের জল থেকে তুলে দু'বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। অতিরিক্ত জল ভালোভাবে ঝরিয়ে নিন। শেষে একটি পরিষ্কার শুকনো কাপড়ে নিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বের করে দিন।

এবার কুরানো আমের সঙ্গে লবণ, চিনি, আদা কুচি, শুকনো লঙ্কা কুচি, সিরকা ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

মিশ্রণটি একটি পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো কাচের বোতলে ভরে রাখুন। এই আচারে রোদ দেওয়ার প্রয়োজন হয় না। ঠিকমতো সংরক্ষণ করলে প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে।

ঝাল আর হালকা মিষ্টি স্বাদের এই ঝুরি আমের আচার গরম ভাত, খিচুড়ি কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগে।