চাঁদ আর হাসে না আমায় দেখে

সুখ চলে গেছে আমায় রেখে।

জীবন তো এক মরীচিকা

ক্ষণিক মোহের বিস্তৃত পাদটীকা

এই মন কত কিছুই না চায়

আমার অবস্থান এখন নির্দিষ্ট সীমানায়

ইচ্ছা অনিচ্ছাগুলো বাস্তবতার প্রাচীরে আবদ্ধ

নিজের দূর্দশার কথা বর্ণনা করতে গিয়ে সীমিত হয়ে আসে শব্দ

আমি নিজেই যেন নিজের আশা আকাঙ্ক্ষার সর্বভূক

এই জগতে যেন আমি অনাহেতু আগন্তুক

আমার সুর কষ্টের লয়ে গাঁথা

দু হাত মুষ্টিবদ্ধ করে বাঁধা

এই প্রাচীর টপকানোর নেই কোনো শক্তি

আকুল আর্তনাদ করি যেন পেয়ে যাই মুক্তি

কেউ ভাঙতে পারে না এই প্রাচীর

জানি না কবে পাবো সেই প্রত্যাশিত নীড়

যেখানে আমি সবার থেকে নিজেকে রাখবো লুকিয়ে

যেখানে শান্তিমত থাকবো ঘুমিয়ে

খুব শীঘ্রই নিভে যাবে জীবনের অগ্নিশিখা

টানা হবে এই মোহের যবনিকা।