আসমান থেকে সৃষ্টি, হয়েছে ক্ষুদ্র জলবিন্দু,

সবুজ পাতার কিনারায় বসে দেখে বিশাল জলসিন্ধু।

দেখে কত পথিক যায়, কেউ রাখে না তার খোঁজ,

নীরবতার বুকের মাঝে তারও বেদনা জমে রোজ।

সেও ক্ষণিক আলো, তারও আছে নীরব অবদান,

এ ক্ষুদ্র আলোয় বাঁচে চাতক পাখির প্রাণ।

বাতাস এলেই কেঁপে ওঠে তার নীরব স্পন্দন,

বাষ্প হয়ে বিলীন হয় শেষ হয় তার বন্ধন।

রোদের তাপে বিলুপ্ত হয় ক্ষুদ্র এক গল্প,

বিশাল এক অনুভব, যদিও আয়ু অল্প।

মাটির বুকেও ঝরে, নিভে যায় ক্ষণিক ক্ষণে,

সে যে ক্ষুদ্র জলবিন্দু—সমুদ্র হতে গগনে।