নিশুতি রাতের গল্প শুনবো বলে
আমি গহীন বন-পথ ধরে বাড়ি ফিরি,
মুষলধারায় শ্রাবণের বৃষ্টি ঝরে,
আমার সাথী হয় ঘন কৃষ্ণবর্ণ রাত,
একে একে পার হই মেঠো পথ... ঘেসো জমি...
দুরন্ত অনুমানে ।
আমার বাঁ দিকে অভিসারী নদী,
ফিসফিস কথা বলে অসীম আঁধারে,
বর্ষালী রাত আর ঝোড়ো বাতাস তাকে সঙ্গ দেয়,
নিবিড় নির্জনতার বুক চিরে
ভেসে আসে কাল-প্যাঁচার ভয়ার্ত ডাক;
চমকে ওঠে ঘুমন্ত ধানক্ষেত,
ইঁটের পাঁজা আর বটতলার ষষ্ঠী ঠাকুর।
ঝিঁঝি রব থেমে যায় সহসা ....
আমার দু'পা হঠাৎই ভীষণ ভারী হয়ে ওঠে ,
শিরদাঁড়া জুড়ে ভয়ের বিদ্যুৎ....
কে ও সামনে ? অশরীরি প্রেতাত্মা ?
সহসা বিদ্যুতের চমক জাগে আকাশ জুড়ে,
দেখি খড়ের গাদায় জ্বলছে দু'একটি সাহসী জোনাকি,
ঘাড় থেকে ভয়ের বোঝা নামিয়ে ফেলে
ফের পথ চলি আমি ....
নিশুতি রাতের গল্প শুনবো বলে।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।