পাউরুটির স্লাইসে মশলাদার পুর ভরে রোল করে ব্রেডক্রাম্বে মুড়ে সোনালি করে ভেজে তৈরি করা হয় সুস্বাদু পাউরুটির রোল।

উপকরণ:

মাংসের কিমা ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১/২ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, ডিম ফেটানো ১টি, লবণ ১ চা-চামচ, পাউরুটি ১০ স্লাইস, টোস্ট বিস্কুটের গুঁড়ো ১ কাপ এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রস্তুত প্রণালী:

প্রথমে কিমার সঙ্গে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে বাটা ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। কড়াইয়ে ২ টেবিল-চামচ তেল গরম করে সামান্য পেঁয়াজ কুচি ও এক চিমটি লবণ দিয়ে হালকা ভেজে নিন। এরপর মশলা মাখানো কিমা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষতে থাকুন। কিমা থেকে বের হওয়া জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

একটি পাত্রে জল নিয়ে পাউরুটির প্রতিটি স্লাইস তাতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে হাতের চাপে অতিরিক্ত জল ঝরিয়ে নিন। এরপর পাউরুটির মধ্যে সামান্য করে কিমার পুর ভরে রোলের আকারে গড়ে নিন।

রোলগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর টোস্ট বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে ভালোভাবে মুড়ে নিন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে রোলগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ডুবো তেলে ভেজে নিন।

গরম গরম মাংসের কিমা রোল সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।