গরমের তৃষ্ণা মেটাতে কাঁচা আমের ধোঁয়াটে স্বাদে তৈরি এক অনন্য, শীতল ও সতেজ পানীয়।
উপকরণ:
১টি কাঁচা আম, চিনি ৫–৬ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা ও পুদিনাপাতা ১ মুঠো করে, কাঁচা লঙ্কা ২টি, লবণ স্বাদমতো, বিট লবণ স্বাদমতো, বরফের টুকরো ১৪–১৫টি, লেবু প্রয়োজনমতো, জল প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে কাঁচা আম ও একটি কাঁচা লঙ্কা আগুনে ভালো করে পুড়িয়ে নিন। এরপর আমের খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে কুরিয়ে রাখুন।
এবার পরিবেশনের গ্লাসের কিনারায় লেবু ঘষে নিন। তারপর লবণ ও বিট লবণের মিশ্রণে গ্লাসের মুখ ডুবিয়ে সুন্দর একটি লবণের আস্তরণ তৈরি করুন।
এরপর পোড়া আম, ধনেপাতা, পুদিনাপাতা, পোড়া কাঁচা লঙ্কা এবং সামান্য জল একসঙ্গে ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিন।
একটি বড় পাত্রে এই পেস্ট ঢেলে তাতে চিনি, ভাজা জিরা গুঁড়ো, বিট লবণ ও প্রয়োজনমতো জল মিশিয়ে ভালো করে নেড়ে নিন। তারপর বরফের টুকরো যোগ করুন।
প্রস্তুত গ্লাসে শরবত ঢেলে উপরে সামান্য জিরা গুঁড়ো ছড়িয়ে দিন। পুদিনাপাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত পরিবেশন করুন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।