কালের কলস ভরা মোহরের গায়ে লেপ্টে আছে ঘাম
সে ঘামে সভ্যতা ঢোকে রোবোটিক্সের ন্যানো হেঁশেলে
ওড়ার স্বপ্ন দেখা মানুষের আঙুলে ড্রোন কসরত করে
মোহরে উৎকীর্ণ লিপি অন্তর্জালের হাটে নিলামে ওঠে।
চরাচর জয়ী হাতের তালুতে পৃথিবী আজ লাটিম
সময়ও ফ্যাশন প্যারেডে হাঁটে শেখানো ভঙ্গিমায়
চানমারী রমণীরা থুথু মারে সভ্যতার গিরগিটিদের
চাঁদে নাসা রোপে আশা অঙ্কুরিত সময়ের খোঁজে।
মুঠোফোন হাতে আটলান্টিক পেরুনো উড়োজাহাজ
উড়াল শেষে বিলিরুবিন ধোয়ায় অন্ধবিশ্বাসের হাতে
সোশ্যাল মিডিয়ায় দুই মহাদেশে প্রণয়ে পরিণীত হৃদয়
দাঁত ব্যথায় মুক্তি পেতে বেদেনির তাবিজ বাঁধে বাহুতে।
এক গ্রন্থ পাঠকের হাতে শান্তি বন্দি যেন তুরুপের তাস
সৌহার্দ্য ক্ষয়ে ক্ষয়ে বিলুপ্ত হয় ডাইনোসরের দশায়
কালের কলস হতে বের হওয়া মোহর দীর্ঘশ্বাস ফেলে
যতিহীন রক্তস্রাবে মানুষ অনিকেত পারমাণবিক নৃত্যে।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।