তোমার ওষ্ঠ প্রান্তে চুম্বনের স্বাদ অধরা

অথচ দেখো মদিরার পেয়ালা শত শতবার

চুম্বনের নেশায় অধীর।

তোমার শরীরী সুগন্ধ ছড়ানো বাতাসে

নিঃশব্দে নিভৃতে ধীর পদক্ষেপে

নীল বিষ গ্রাস করে সকল সত্তা

ধমনীর গভীরে রক্ত বদলে বদলে যায়।

ভালোবাসার আপন নেশায় বুঁদ হয়ে অভিমানের

তীব্র দহন অসহনীয় হলেও সহজ সমীকরণ পথ আলোকিত।

প্রকৃতির সব সৌন্দর্য লেপটে আছে

তোমার শরীরী বৈভব জুড়ে

স্পর্শ করার কামনা বাসনার উর্দ্ধে

উঁকি দিয়ে যায় ভালোবাসার নির্লিপ্ত হৃদয়।

এ জীবন হাজার সুখের ঝাড় বাতি

অন্ধকারে আলোর রোশনাই উজ্জ্ব

সঙ্গীতের আলাপন জুড়ে মাতাল মন বিভোর

ঘুঙুরের মিষ্টি শব্দে কবিতার ছন্দবদ্ধ হাহাকার।

অথচ আঁচড় কাটা রক্তাক্ত কলজে আঁকড়ে এ জীবন

একলা কাঁদে নীরব জলসাঘরের নিকষ শূন্যতায়।

একটা গোটা জীবন ব্যর্থতার প্রতীকী স্মৃতি।।