বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া শরীর ফিরি করে লজেন্স,

বাড়িতে তার মুখ চেয়ে আছে আরেক ঝুঁকে পরা মানুষ।

বয়স কেড়ে নিয়েছে স্মৃতি,

তাও চেনা হাতের ছোঁয়া যেন এক শীতল হাওয়া।

চুলের ফাঁকে-ফাঁকে সাদা ছোঁয়া, শিথিল চামড়া,

পরিচিত প্রশংসার দৃষ্টি ভিড়ের মধ্যে আলাদা করে।

বলিরেখা হাতের ছোঁয়া যেন,

আইফেল টাওয়ারের সামনে চুমুর সমান।

ভাত-ডালের জীবনের মাঝে এক পশলা বৃষ্টি,

আমাকে-তোমাকে রাজ কপূর-নার্গিস বানিয়ে দেয়।

যদি বল কর্তব্য, মানব না,

গলা ফাটিয়ে একে ভালবাসা বলব।

ভালবাসা আজ যৌবনকে হারিয়ে দিয়েছে।

কামগন্ধহীন প্রেম সময় পেরিয়ে বেঁচে থাকে মানুষের মনে,

তোমার-আমার সাধ্য কি একে বেধে রাখব!