এখন আর ঝড়ের পূর্বাভাস নিয়ে
তোমার আমার মধ্যে
তেমন কোনও কথা হয় না।
তবু এই যে অবিশ্রান্ত বিকেল শেষে
প্রতিদিন নীল-সন্ধ্যা নেমে আসার মুহূর্তগুলো,
তাদেরকে অযথাই ফ্রেমে বাঁধবার চেষ্টা করি
আর তারই মধ্যে রাত আসে, চাঁদ আসে,
মোহমায়া ভরা কিছু মুহূর্ত আসে,
তবু ঝড়ের কোনও পূর্বাভাস নিয়ে
তোমার আমার মধ্যে
তেমন কোনও কথা হয় না।
একসময় রাত বাড়ে,
ঠাকুরঘরে প্রদীপের তেল কমে আসে
বই পড়া মুহূর্তগুলো পেরোতেই
আঙুলে ছোঁয়াছুঁয়ি।
অবশ্য তাতেও তেমন কিছু বিদ্যুৎ চমকায় না;
নৈমিত্তিক প্রয়োজনে উষ্ণতা বাড়ে ঘরের,
তারপর কাপড় গুছিয়ে উঠে যাওয়ার পালা।
আসলে ঝড়ের পূর্বাভাস নিয়ে
সবসময় তেমন কোনও কথা না বললেও
পৃথিবীর কোনও মুগ্ধবোধ ব্যাকরণ
অশুদ্ধ হয়ে যায় না।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।