সুগন্ধি মসলা, দই ও কাজুবাদামের সমৃদ্ধ গ্রেভিতে রান্না করা এক ঐতিহ্যবাহী নবাবি মাটন পদ।

উপকরণ:

খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ চা চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, জয়ফল-জয়ত্রী বাটা ১ চা চামচ, গরম মসলা পরিমাণমতো, গোলমরিচ ৮–১০টি, তেজপাতা ২–৩টি, শুকনো লঙ্কা ৪টি, কাঁচা লঙ্কা ১০টি, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, জাফরান ভেজানো দুধ ১ কাপ, আলুবোখারা ১০টি, কেওড়া জল ২–৩ ফোঁটা, চিনি, লবণ ও সর্ষের তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী:

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে লবণ ও টক দই মাখিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে হালকা বাদামি রং করে নিন। তারপর আদা বাটা, রসুন বাটা, পোস্তদানা বাটা, কাজুবাদাম বাটা, জয়ফল-জয়ত্রী বাটা ও গরম মসলা দিয়ে ধীরে ধীরে কষতে থাকুন।

মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ভেজানো শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা ও স্বাদমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এবার মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন। প্রয়োজন হলে অল্প গরম জল দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে জাফরান ভেজানো দুধ, ফ্রেশ ক্রিম, কেওড়া জল, আলুবোখারা, কাঁচা লঙ্কা ও সামান্য চিনি মিশিয়ে দিন। তারপর ঢেকে ১০–১৫ মিনিট দমে রাখুন।

তেল উপরে ভেসে উঠলে নামানোর আগে কাজুবাদাম, আমন্ড ও কিশমিশ ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন সুগন্ধি এই রাজকীয় খাসির পদ।