“কালো পাখি লাল ছায়া”—একটি টানটান উত্তেজনাপূর্ণ স্পাই থ্রিলার, যেখানে রহস্য, অপরাধ, ষড়যন্ত্র এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতা এক সুতোয় গাঁথা হয়েছে। কিছুদিন আগে ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করেই যেন এই উপন্যাসের বীজ বপন। শুরু থেকেই সাগরিকা রায় এমন এক রহস্যময় আবহ তৈরি করেছেন, যা পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত কৌতূহলী করে রাখে।

পড়শী দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি অস্থির সময়কে উপন্যাসের পটভূমিতে রেখে লেখিকা রাষ্ট্রব্যবস্থার ভেতরের ভাঙন, সাধারণ মানুষের ক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার টানাপোড়েনকে গল্পের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। একটি রাষ্ট্রব্যবস্থা যখন প্রবল সংকটের মুখে পড়ে, তখন তার বাইরের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা দুর্বলতা, অব্যবস্থা এবং অভ্যন্তরীণ জটিলতাগুলোও ধীরে ধীরে সামনে চলে আসে। সেই অস্থির সময়ে মানুষের মনে জন্ম নেওয়া ক্ষোভ, বিভ্রান্তি এবং অনিশ্চয়তার আবহকেই লেখিকা থ্রিলারের উপযোগী করে ব্যবহার করেছেন।

ক্ষমতার পালাবদল, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং একজন প্রধানমন্ত্রীর দেশত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার মতো ঘটনাপ্রবাহের পর গল্প যেন আরও গভীর এক অন্ধকারে প্রবেশ করে। তখন প্রশ্ন ওঠে—এরপর কী? একটি দেশের অভ্যন্তরে তৈরি হওয়া জাল, ষড়যন্ত্র, দ্বন্দ্ব এবং অদৃশ্য শক্তিগুলোর আসল চেহারা কী?

সেই উত্তর খুঁজতেই যেন ময়দানে নামে স্পাই নিরঙ্কুশ । ছেড়ে আসা দেশের অন্তর্কলহ, ভেতরের জাল ও জটিলতাকে সরু চিমটের মতো নিখুঁতভাবে তুলে আনার এই অভিযানের মধ্য দিয়েই গল্প ক্রমশ আরও ঘনীভূত হয়। কে বন্ধু, কে শত্রু, কার পরিচয় আসল আর কার পরিচয় ছদ্ম—এই প্রশ্নগুলো পাঠককে বারবার নতুন করে ভাবতে বাধ্য করে।

গল্পটির অন্যতম শক্তি এর দ্রুত গতি এবং রহস্যের স্তরগুলো ধীরে ধীরে উন্মোচনের কৌশল। চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব, সিদ্ধান্ত, সংশয় এবং ঘটনাপ্রবাহকে লেখিকা বেশ বিশ্বাসযোগ্যভাবেই তুলে ধরেছেন। সংলাপ সংক্ষিপ্ত হলেও যথেষ্ট প্রভাবশালী। আর ভাষা সহজ-সরল হওয়ায় গল্পটি পড়তে কোথাও ভারী মনে হয় না।

তবে অভিজ্ঞ থ্রিলার পাঠকদের কাছে কাহিনির দু-একটি মোড় কিছুটা অনুমানযোগ্য মনে হতে পারে। কিন্তু তার পরেও সাসপেন্স, অ্যাকশন এবং শেষের চমক গল্পটিকে যথেষ্ট উপভোগ্য করে তুলেছে। বরং এই বই পড়ার ক্ষেত্রে ধৈর্যটা খুব জরুরি। চরিত্রেরা কখনও স্বনামে, কখনও বেনামে, কখনও আবার অন্য পরিচয়ে গল্পের বিভিন্ন স্তরে ঘুরে বেড়িয়েছে। তাই সময় নিয়ে, মন দিয়ে না পড়লে এই ‘স্পাই রেসিপি’-র আসল স্বাদ পাওয়া কঠিন।

আর যে বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে, তা হল সমকালীন প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লেখিকার গবেষণার ছাপ। এই বিষয়গুলিকে শুধু তথ্য হিসেবে না রেখে গল্পের প্রয়োজন অনুযায়ী সঠিক জায়গায় ব্যবহার করার দক্ষতা উপন্যাসটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। গবেষণাধর্মী এই কাজ এবং তথ্যের যথাযথ প্রয়োগ নিঃসন্দেহে লেখিকার পরিশ্রমের পরিচয় বহন করে।

সব মিলিয়ে, “কালো পাখি লাল ছায়া” বাংলা থ্রিলারপ্রেমীদের জন্য একটি সুখপাঠ্য এবং উপভোগ্য স্পাই থ্রিলার। রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট, গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র, প্রযুক্তি এবং মানবিক দ্বন্দ্ব—সবকিছুকে একসঙ্গে নিয়ে সাগরিকা রায় তৈরি করেছেন একটি জটিল অথচ আকর্ষণীয় কাহিনির জগৎ।

বেশি কিছু আর লিখলাম না। কারণ থ্রিলার বইয়ের রিভিউতে যদি সব রহস্য বলে দেওয়া হয়, তাহলে নতুন পাঠকের পড়ার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। তাই বাকিটা থাকুক পাঠকের জন্য।

পাতা উল্টে নিজেরাই খুঁজে নিন—

কে সত্যিই ‘কালো পাখি’, আর কোথায় তার ‘লাল ছায়া’?

সাগরিকা রায়ের কলমে—দুর্ধর্ষ স্পাই থ্রিলার “কালো পাখি লাল ছায়া”।


কালো পাখি লাল ছায়া

কালো পাখি লাল ছায়া

(4.5)

এই বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখানে লিখুন।

লেখকের আরো লেখা পড়ুন


বিষয় সংক্ৰান্তআমার মতামত
প্রকাশকরিডার্স এক্সপ্রেস
প্রথম প্রকাশ২০২৬
পৃষ্ঠা সংখ্যা২০৬
বইয়ের মূল্য৩৫০ টাকা
বাঁধাইহার্ডকভার
প্রুফ রিডিং১০/১০
বইয়ের ধরণদুর্ধর্ষ ও রোমাঞ্চকর স্পাই থ্রিলার (গোয়েন্দা উপন্যাস)