২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল ‘হরর সমগ্র’। সময়ের অভাবে বইটি হাতে নেওয়া হয়ে ওঠেনি এতদিন। অবশেষে এই মাসের মাঝামাঝি থেকে পড়া শুরু করি। বইটির ভেতরে রয়েছে তিনটি উপন্যাসিকা ও চারটি ছোটগল্প—এক অনবদ্য হরর-সংকলন।
এতদিনে যত ভূতের বই পড়েছি, তার মধ্যে নিঃসন্দেহে এই বইয়ের প্রথম উপন্যাসিকা ‘রাক্ষস ফুল’ আমার কাছে সবচেয়ে ভয়ংকর বলে মনে হয়েছে। বিদেশের পটভূমিকায় লেখা এই উপন্যাসিকায় নরমাংসভোজী মানুষের উপস্থিতি থাকলেও, মূল ভয়ের উৎস রক্ত বা হিংসা নয়—বরং এক গভীর মনস্তাত্ত্বিক উপস্থাপনা। দিদি এমন এক অন্ধকার মানসিক আধার নির্মাণ করেছেন, যেখান থেকে বেরিয়ে আসতে আমার সত্যিই কয়েক ঘণ্টা লেগে গিয়েছিল। পড়ার সময় মনে হচ্ছিল, যদি তখন লেখালিখিতে বসতাম, কলম ঠিক কোথায় গিয়ে থামত বলা কঠিন। এই উপন্যাসিকার জন্য দিদিকে গভীর কুর্নিশ।
এরপরের উপন্যাসিকা ‘ত্রাস’—দুই বন্ধুর দুই ভিন্ন মানসিকতার টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ভয়ংকর মনস্তাত্ত্বিক আবহ। মানুষের অবচেতন মন কীভাবে বারবার ফিরে আসে, কীভাবে দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী ঘাতকের মানসিকতা এক অদ্ভুত জায়গায় মিলিত হয়—এই উপন্যাসিকায় তারই এক শীতল, অস্বস্তিকর মেলবন্ধন।
প্রথম উপন্যাসিকার পর যে উপন্যাসিকাটি আমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে, সেটি দিদির তৃতীয় উপন্যাসিকা ‘অজানা দ্বীপ’। বিদেশি পটভূমিকায় লেখা এই কাহিনিতে রয়েছে এক পরিত্যক্ত দ্বীপের অজানার রহস্য ও তার হাহাকার। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষেরা কীভাবে এক অদ্ভুত মানসিক আকর্ষণে আটকে পড়ে—মননের মায়াজালে আবদ্ধ হয়ে যায়—তারই এক অনন্য উপস্থাপনা এই উপন্যাসিকা। রহস্যের এমন ঘনঘটা, এমন ধীরে ধীরে গ্রাস করে নেওয়া আবহ—এই লেখা না পড়লে সত্যিই কিছু না-কিছু অজানাই থেকে যেত।
এরপর আসি ছোটগল্পগুলোর কথায়। ‘মেঢুসা’, ‘অপেক্ষাগৃহ’, ‘ভাড়াটে’ এবং ‘এককোষী সবুজ’—এই চারটি গল্পেই দিদির চার রকম মনস্তাত্ত্বিক উপলব্ধির পরিচয় পাওয়া যায়। বিশদে কিছু বললাম না ইচ্ছে করেই, কারণ তাতে পড়ার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে। তবে শেষ গল্পটি—উফ্, অসাধারণ।
‘সবুজ’ যে কতভাবে বিস্তৃত হতে পারে, মানুষের সবুজ মন কীভাবে শেওলার মতো অবুঝ পথে পা বাড়াতে পারে—তার এক সুনিপুণ ভৌতিক মায়াজাল এই গল্প। আজকের আলো–শব্দে ভরা, ক্লান্ত পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যখন শান্তির খোঁজ করি, তখন সেই শান্তির এক অদ্ভুত ঠিকানা পাওয়া যায় এই গল্পে। একেবারে… চিরশান্তি।
শেষে ভূতপ্রেমীদের জন্য একটাই কথা বলব—
এই বইটি ‘হরর সমগ্র’ নয়, বরং বলা যায়—সমগ্র হরর।

| বিষয় সংক্ৰান্ত | আমার মতামত |
|---|---|
| প্রকাশক | একলব্য প্রকাশন |
| প্রথম প্রকাশ | ১৪৩২ |
| পৃষ্ঠা সংখ্যা | --- |
| বইয়ের মূল্য | ৩৫০ টাকা |
| বাঁধাই | পেপারবোর্ড |
| প্রুফ রিডিং | ১০/১০ |
| বইয়ের ধরণ | ভৌতিক, অলৌকিক, কিশোর উপযোগী |
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।