সেদিন ভোরে, খুব ভোরে, হঠাৎ ভাঙল ঘুম,
গবাক্ষের আড়ালে চেনা পৃথিবী—নিঃশব্দ, নিঝুম।
সূর্যাস্ত, সূর্যোদয়, রাত-দিনের খেলায়,
আমার আমিটাও কেমন যেন ভাসছে স্রোতের ভেলায়।
কী পেলাম, কী হারালাম—হিসাব কষার তরে,
একখানি পৃষ্ঠা চেয়েছিল মন—নিজেরই অন্তরে।
পাতাটি আনতে যাব—অমনি ভোরের ডাক,
জেগে উঠল চারপাশ; শুরু হলো দিনের হাঁক।
মনে পড়ল—আপিস, বাজার, আরও কত কাজের মেলা,
নিজেকে রাখার পৃষ্ঠাখানি থেকে গেল একলা।
দিন গেল, রাত এল—ফুরোল কত প্রহর,
হিসাবের খাতায় তবু রয়ে গেল গরমিলের ঘোর।
হাওয়ার ঝোঁকে পৃষ্ঠাখানি উড়ে গেল তাই,
জীবনের কঠিন অঙ্কটার উত্তর পেলাম নাই।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।