শিশির আজম

Newcomer Author
১ লেখা ১৬ বই
জীবনী
শিশির আজম একজন কবি ও প্রাবন্ধিক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাঁর পিতা মোঃ গোলাম রসুল ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা মমতাজ বেগম গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত; স্ত্রী মোছাঃ আঁখিতারা খাতুন। তাঁদের একমাত্র কন্যা নির্ঝর আজম অর্থী বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত।

মাত্র বারো বছর বয়সে ছড়া ও কবিতা লেখার মধ্য দিয়ে তাঁর সাহিত্যযাত্রার শুরু। স্থানীয় একটি ছোটকাগজে প্রথম কবিতা প্রকাশের অভিজ্ঞতা তাঁর কাছে ছিল এক বিস্ময়কর অনুভূতি—যেন মুহূর্তেই তিনি প্রবেশ করেছিলেন এক স্বতন্ত্র জগতে। সেই শুরুর পর থেকেই লিটল ম্যাগাজিন তাঁর সাহিত্যচর্চার অন্যতম প্রধান আশ্রয় হয়ে ওঠে।

২০০৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ছাই’। ছাত্রজীবনে বন্ধুদের নিজেদের পকেট খরচ বাঁচিয়ে বইটি প্রকাশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ঘটনাটি তাঁর সাহিত্যজীবনের এক অনন্য স্মৃতি। ‘ছাই’ প্রকাশের ক্ষেত্রে বিশেষভাবে তিনি স্মরণ করেন তাঁর বন্ধু টুটুল অলিম্পাস-কে।

লিটল ম্যাগাজিনে লেখালেখিতেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি খুঁজে পান। পাশাপাশি বিভিন্ন সময়ে জাতীয় পত্রপত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তবে সাহিত্য ও শিল্পের স্বাধীনতা, দায়বদ্ধতা এবং শিল্পমানের প্রশ্নে তাঁর নিজস্ব অবস্থান বরাবরই স্পষ্ট। তাঁর মতে, বৃহত্তর পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ থাকলেও কর্পোরেটনির্ভর প্রকাশনা ব্যবস্থার সঙ্গে শিল্পের দায়বদ্ধতার সম্পর্ক নিয়ে প্রশ্ন থেকেই যায়।

কবিতার পাশাপাশি তিনি বিচ্ছিন্নভাবে গদ্যও লিখেছেন। তাঁর গদ্যচর্চার প্রধান বিষয় শিল্প ও সংস্কৃতি—কবিতা, ভাস্কর্য, চিত্রকলা ও সিনেমা; এর সঙ্গে যুক্ত হয়েছে সমকালীন রাজনীতির নানা অভিঘাত। এসব লেখা নিয়ে তিনি একটি প্রবন্ধের পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন, যা বর্তমানে প্রকাশের অপেক্ষায়।

শিশির আজমের সাহিত্যভাবনায় কবিতা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। তাঁর কাছে কবিতা এমন এক শিল্পভাষা, যা মহাজগতের বহুবিধ অভিজ্ঞতা, শিল্প, সংগীত, রাজনীতি ও জীবনকে নিজের ভেতর আত্মীকরণ করতে পারে। পল গগাঁর তাহিতি, আলাউদ্দিন খাঁর সুর কিংবা জোয়ান বায়েজের গান—সবই তাঁর কবিসত্তার ভেতর কোনো না কোনোভাবে প্রবহমান। তবু তাঁর কাছে শেষ সত্যটি সরল—“তারপরও, কবিতা কবিতাই!”
প্রকাশিত বই / গল্প (১৬)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
ছাই কবিতা ২০০৫
দেয়ালে লেখা কবিতা কবিতা ২০০৮
রাস্তার জোনাকি কবিতা ২০১৩
ইবলিস কবিতা ২০১৭
চুপ কবিতা ২০১৭
মারাঠা মুনমুন আগরবাতি কবিতা ২০১৮
মাতাহারি কবিতা ২০২০
টি পোয়েট্রি কবিতা ২০২০
সরকারি কবিতা কবিতা ২০২১
১০ হংকঙের মেয়েরা কবিতা ২০২২
১১ আগুন কবিতা ২০২৪
১২ চা কফি আর জেনারেল কানেকটিভিটি কবিতা ২০২৪
১৩ সন্ধ্যায় তিমিমাছ কবিতা ২০২৫
১৪ এশিয়ার ছাই কবিতা ২০২৫
১৫ অধরা মাধুরী কবিতা ২০২৬
১৬ কবির কুয়াশা প্রবন্ধ ২০২৫

প্রকাশিত লেখা (১)

কবিতা

আমার বরফ

'যে আগ্নেয়গিরির দেশে আমি জন্মেছি ম্যানগ্রোভ শরীরে বড় হয়েছি সামাজিক অধিবাস্তবতা মেনে সে দেশে বরফ দেখা যায় না---'

শিশির আজম