ঠিকানা আমার হারিয়ে গিয়েছে
নতুন মনের সন্ধানে।
ঠিকানাগুলো তো ব্যস্ত নয়নে
রাজপথে হাঁটে আনমনে —
কোথা যাবে তারা
জেনেও জানে না,
কিন্তু তবুও ব্যস্ততা।
ঠিকানার খোঁজে
ভবঘুরে ছেলে
চোখ জুড়ে মাখে মগ্নতা—
কিছুটা ঘুমের পরশ বুলিয়ে
ঠিকানা আবার যায় চলে,
আসলে সবাই ব্যস্ততা খোঁজে,
নিজেকে খোঁজে না মন খুলে।
তাই তো এমন হারিয়ে যাওয়াতে
কল্পনা-সুখ খুব খুশি
নিরুদ্দেশের গদ্যভূমিতে,
কবিতা আমাকে দেয় ফাঁসি—
স্বপ্নরা বাঁচে, তাই খুঁজে চলে
ভুলে যাওয়া সেই চোখের দেশ—
ঠিকানাবিহীন তাও হবে জানি
অন্তবিহীন পথের শেষ।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।