জানালা দিয়ে দেখি আঁকড়ে আঁকড়ে বাড়ন্ত হচ্ছে লাউগাছ শিশিরে

লাউফুলের দিকে তাকালে ঠাকুমার হাসি মনে পড়ে

পোস্তর সঙ্গে কচি লাউপাতার ভর্তা গরম ভাতে খেতে ভালবাসত ঠাকুমা

ঠাকুমা বলতো, মনের মতো মানুষ পেলে

একটা রুটি ভাগ করে খাওয়া যায়

বুঝলি, ওটাই সুখ শান্তি

সত্যিই, মেয়ে মানুষ লাউগাছের মতো

আঁকড়ে আঁকড়ে বাড়ন্ত হয়

তবু লাউফুলের দিকে চেয়ে মেলায় ফেলে আসা গল্পের কাছে ফিরি

মনে মনে.....

ধাত্রী

শান্তনু ঘোষ

যে রাগতে পারে না,

সে মাটি।

সৃষ্টি তো

তার বুকেই জন্ম নেয়।