জানি কেউ কান পেতে শুনবে না হৃদয়ের হাহাকার,
অসমাপ্ত উপন্যাসের মতই স্বপ্ন গুলো থেকে যাবে অপূর্ণ,
ছেড়া কবিতার পাতার মতই অর্থহীন যত বেদনার সুর।
জীবনের চাওয়া-পাওয়া গুলোর হিসাব না মিলিয়ে -
আমিও একদিন যাবো ফুরিয়ে, নিঃশেষিত হয়ে।
পৃথিবীর অর্ধেক আঁধার বুকে নিয়ে ডুবে যাবো কোনো সমুদ্রে,
কয়েক কোটি বছর পরেও সেখানে খুঁজে পাবে আমার জীবাশ্ম,
নামটা তখন লিখে নিয়ো নতুন আবিষ্কারের পাতায়,
কারণ আমি তো সেই মহাত্মা যার জন্য অর্ধেক আঁধার কেটে গেছে।
দীর্ঘ পথ হেঁটেছি এই পৃথিবীর বুকে...!
কখনো সমতলে, কখনো মরুভূমির প্রান্তরে,
কখনো বা রহস্য ঘেরা হিমালয়ের তুষার আবৃত পথে।
পথে যত অন্ধকার ছিল নিমেষে দিয়েছি ঢেকে,
প্রচার করেছি শুধু সাফল্য ও মুক্তির বাণী দিকে দিকে,
অনেক বাঁধার মাঝে হতাশারা কখনো আমায় দেয় নি হাতছানি,
আমি যে মহাত্মা, তাইতো মহানতাই আমার ধর্ম।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।