দীর্ঘ প্রতীক্ষার পর, বৃষ্টি— আজ তোমায় পেলাম,

সমস্ত স্নায়ু উজাড় করে নীরবে বুকে নিলাম।

মনের গভীরে সঞ্চিত পরাগরেণু দিলাম তোমারই তরে,

গ্রীষ্মের দাবানলের সঙ্গে কত লড়েছি অন্তরে।

আশা–আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে

নিরাশার সাথে করেছি বসতি,

কত দিন, কত রাত জানালার ধারে

এঁকেছি তোমার আগমনী স্মৃতি।

কবে তুমি এসে কাছে টানবে,

বাহু মেলে আমায় জড়িয়ে নেবে—

এই স্বপ্নে কখনো মেঘ হয়ে

দিগন্তের পর দিগন্ত ভেসেছি তবে।

চাতকের মতো ডেকেছি তোমায়

আর্ত কণ্ঠে বারবার,

তবু কি আমার চোখের ভাষা

পৌঁছায়নি তোমার দ্বার?

অবশেষে তুমি এলে আঙিনায়—

নিঝুম রাতে নেমে এলে ধীরে,

শিরা–উপশিরায় জেগে উঠল সিহরণ,

প্রকৃতি রইল নীরব আমাদের ঘিরে।