নদীর আছে তটভূমি , পাশে তটরেখা
জোয়ারের জলে সে রেখা ডুবে একাকার
আবার ক্রমশঃ ভাঁটি হ'লে
সে রেখা উন্মুক্ত , দৃশ্যমান , নিজত্বে প্রতিষ্ঠিত ।
তটরেখা তটভূমিরই একাংশ রূপে অবস্থান করে
নিয়মের ক্ষুরধার বিবেচনায়
সে প্রকাশ- অপ্রকাশের বশবর্তী হ'য়ে থাকে
তবু সে একপ্রকার বিশেষ শক্তি -- স্বরূপানুবন্ধী ।
স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি স্বয়ং রূপ
তার থেকে সৃষ্ট বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি জড়
আর জীব শক্তি হ'লো তটস্থা শক্তি ---
এই তিন শক্তি নিয়েই এই জগতের চাপান উতোর খেলা।
আমরা জীব , স্বরূপানুবন্ধী জীব
ঈশ্বরের স্বরূপশক্তি থেকে সৃষ্টি হ'য়ে ঈশ্বরোন্মুখী হ'লে
আমাদের প্রকৃত কর্তব্য সাধিত হয় ,
বিস্মৃত হ'য়ে বহিরঙ্গা শক্তি মায়ার দাসত্ব করলে
নিম্নগামী হ'তে হয় -- এটা চরম সত্য ।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।