চিঁড়ের পোলাও হলো সবজি, বাদাম ও মশলার সুগন্ধে তৈরি একটি সুস্বাদু ও পুষ্টিকর বাঙালি জলখাবার।

উপকরণ:

চিঁড়ে ২৫০ গ্রাম, আলু ১টি, ঘি ১ চা-চামচ, কাঁচালঙ্কা স্বাদমতো, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, বাদাম ২ টেবিল চামচ, মৌরি ১ চা-চামচ, কিসমিস প্রয়োজনমতো এবং তেল প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালী:

প্রথমে চিঁড়ে ভালো করে ধুয়ে ঝরঝরে করে রেখে দিন। এদিকে বাদামগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।

কড়াইতে তেল গরম করে মৌরির ফোড়ন দিন। তারপর আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে ভেজে নিন। সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে আলুগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর ভেজানো চিঁড়ে কড়াইতে দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও চিনি দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন।

সবশেষে ভাজা বাদাম, কিসমিস ও ঘি মিশিয়ে ঢেকে ৫–১০ মিনিট দমে রাখুন।

তারপর গরম গরম পরিবেশন করুন।

সকালের জলখাবার বা বিকেলের হালকা খাবার হিসেবে এই সুস্বাদু চিঁড়ের পদ দারুণ লাগে।