শ্রীক্ষিতীন্দ্রনাথ ঠাকুর

ঋষি নরোত্তম আজি উঠেছে জাগিয়া।

সেই কথা ধরামাঝে যেতেছি ঘোষিয়া ॥

ন্যায়ের বিজয়গীত পশে তাই কানে।

স্বাধীনতা উম্মন্মাদনী বাজে তাই প্রাণে ॥

সবাই যে ডাকে সবে ভাই ভাই বলি'।

শত্রুমিত্র উচ্চনীচ ভেদ গেছে চলি'॥

সরলতা প্রাণে ধরি' চলে সোজা পথে।

দেশের সুনাম রাখি' ধরে সত্যপথে ॥

দেশের বিভাগ আর রেখো না রেখো না।

বিহার উড়িষ্যা বঙ্গ পৃথক ভেবো না।

মাদ্রাজ বোম্বাই কোথা, কোথা শিখভূমি!

কোথা গঙ্গা-উপকূলে আর্য্য্যাবর্ত্তভূমি।

কোথারে রাজপুতানা মধ্যদেশ কোথা!

আপনার 'ভাই বলি' ডাক গো প্রাণের মাঝে-

তবে না শুনিবে দেশে মঙ্গল-বিজয় বাজে?

মন্ত্র কর দৃঢ় সখ্য,

মিলনেরে এক লক্ষ্য;-

তবে না যাইবে ঘুচে দুঃখ দৈন্যব্যথা ॥

তখন আর একশ্রী

ফুটিবে সবার মুখে॥

আবাল বৃদ্ধ সবার

আনন্দ খেলিবে বুকে॥

অটুট একতা-বন্ধ

খুলিবে না আর কভু।

আশীষ দেবেন শিরে

বিশ্বভুবনের প্রভু ॥

উঠিবে জাগিয়া দেশে

নরনারী শত শত।

অক্ষত চরিত্র লয়ে

ধরমে করমে রত।

মায়ের সন্তান বীর

সাহসে অটল ধীর।

রূপে গুণে কি সুন্দর

নরোত্তম-বংশধর!

সংগৃহিত তত্ত্ববোধিনী পত্রিকা বিংশ কল্প তৃতীয় ভাগ ৯৩৩ সংখ্যা ১৮৪৩ শক